নিজস্ব প্রতিবেদক: দেশের বিমা খাতে গ্রাহকদের পাওনা পরিশোধের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। জীবন ও সাধারণ বিমা খাতের সম্মিলিত হিসাবে মোট বিমা দাবির প্রায় ৭৩ শতাংশই এখনো নিষ্পত্তি হয়নি। টাকার অঙ্কে এর পরিমাণ ৭ হাজার ৭৭৯ কোটি টাকা। বিপুল পরিমাণ বিমা দাবি অনাদায়ী থাকায় কোম্পানিগুলোর ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বিমা খাতের এই চিত্র তুলে ধরে বলেছেন, এ খাতের অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির অভাব অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আর্থিক খাতে প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করা উচিত।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বিমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের বিমা খাতের আর্থিক পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা জানান, দেশে জীবন ও সাধারণ বিমা মিলিয়ে মোট ৮২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে গত সরকারের সময়ে লাইসেন্স দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট বিমা দাবির পরিমাণ ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকার দাবি এখনো নিষ্পত্তি হয়নি। অর্থাৎ মোট বিমা দাবির প্রায় ৭৩ শতাংশই গ্রাহকদের পাওনা হিসেবে আটকে রয়েছে।
সাধারণ বিমা খাতের পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক বলে উল্লেখ করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, এ খাতে বিমা দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ। এ পরিসংখ্যান বিমা কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনা, গ্রাহকের স্বার্থ রক্ষা এবং নিয়ন্ত্রক কাঠামোর কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
তিতুমীর বলেন, বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন থাকার তথ্য প্রকাশ করেই সাংবাদিকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। কেন এত বিপুল পরিমাণ অর্থ গ্রাহকরা পাচ্ছেন না, এর পেছনে কারা দায়ী এবং এর ফলে সাধারণ মানুষ কী ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, তা অনুসন্ধানের মাধ্যমে বের করে আনতে হবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগগুলোও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থ লুটপাট নিয়ে ব্যাপক আলোচনা হলেও বিমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে রয়ে যাচ্ছে। অথচ গ্রাহকের অর্থের নিরাপত্তা এবং বিমা দাবি পরিশোধের ক্ষেত্রেও এ খাতে বড় ধরনের সমস্যা বিদ্যমান। তাই আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মনে করেন, বিমা খাতের সংকটকে কোনো একটি নির্দিষ্ট সরকারের কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই। বিষয়টি রাষ্ট্র ও জনগণের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জনগণের অর্থ কোথায় যাচ্ছে, কীভাবে তা ব্যবহার করা হচ্ছে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কোন প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে, সেসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা দরকার। দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে জনগণের করের অর্থ ব্যয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলার আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিতুমীর বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতিকে এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, যার নেতিবাচক প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে। বৈদেশিক ঋণের প্রসঙ্গ তুলে তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ের তুলনায় ওই সময়ে ঋণ বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এসব ঋণের সুদ ও আসল পরিশোধের দায় শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হবে।
তিনি বলেন, ব্যাংক, বিমা এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান—সব ক্ষেত্রেই জবাবদিহি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আর্থিক খাতের দুর্বলতা দূর করতে জনগণের অর্থ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো রাজনৈতিক দলের স্বার্থকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে আর্থিক খাতের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা করে তিতুমীর বলেন, সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সংগঠনের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা জরুরি। বিভাজনের ঊর্ধ্বে উঠে সদস্যদের কল্যাণে ডিআরইউ যেভাবে কাজ করছে, তা প্রশংসার দাবি রাখে। একইভাবে দেশের আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সামাজিক ও পেশাগত পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এক বছরের জন্য নবায়ন ডিআরইউর গ্রুপ বিমা চুক্তি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের গ্রুপ বিমা সুবিধা অব্যাহত রাখতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। বুধবারের অনুষ্ঠানে এ চুক্তি নবায়ন করা হয়।
নবায়ন চুক্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য এ গ্রুপ বিমার আওতায় থাকবেন। কোনো সদস্য স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে তাঁর পরিবার তিন লাখ টাকা বিমা সুবিধা পাবে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বিমা সুবিধার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা।
এ ছাড়া কোনো সদস্যের অঙ্গহানি হলে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হলে ৭০ হাজার টাকা বিমা সুবিধা দেওয়া হবে।
অনুষ্ঠানে আগের গ্রুপ বিমা চুক্তির আওতায় দুই সদস্যের বিমা দাবির অর্থও হস্তান্তর করা হয়। সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুদাবি বাবদ তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অন্যদিকে, সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের বিপরীতে ৭০ হাজার টাকার বিমা সুবিধার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।


