দুই কোম্পানির শেয়ারদরে অস্বাভাবিক উত্থান, সতর্কবার্তা জারি ডিএসইর

সময়: সোমবার, জুলাই ৬, ২০২৬ ৫:০৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে উভয় কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা জানিয়েছে, এ ধরনের মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (Price Sensitive Information-PSI) নেই।

ডিএসই সূত্রে জানা গেছে, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে গত ৫ জুলাই কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ২২ জুন মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দাম ছিল ৬৫ টাকা ৩০ পয়সা। যা ৫ জুলাই লেনদেন শেষে বেড়ে ৮৪ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ মাত্র ৮ কার্যদিবসে শেয়ারটির দাম ১৮ টাকা ৯০ পয়সা, বা প্রায় ২৮ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারদরও অস্বাভাবিকভাবে বাড়ায় ডিএসই বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে।

এ বিষয়ে ২ জুলাই কোম্পানিটির কাছে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে উসমানিয়া গ্লাস কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

তথ্য অনুযায়ী, ২৫ জুন উসমানিয়া গ্লাসের প্রতিটি শেয়ারের বাজারদর ছিল ৩৯ টাকা। যা ২ জুলাই লেনদেন শেষে বেড়ে ৫০ টাকা ৬০ পয়সায় পৌঁছায়। ফলে মাত্র ৪ কার্যদিবসে শেয়ারটির দাম ১১ টাকা ৬০ পয়সা, বা প্রায় ২৯ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিএসই জানিয়েছে, দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়লেও এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিগুলো জানিয়েছে। তাই এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged