নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে দুই নতুন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তিন বছর মেয়াদে নিয়োগ পাওয়া এই দুই পরিচালক হলেন কে এম জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। তারা দুজনই বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবী। এর ফলে ব্যাংকটির পরিচালনা পর্ষদে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি খাতের অভিজ্ঞতাও যুক্ত হচ্ছে।
কে এম জাকারিয়া
কে এম জাকারিয়া একজন জ্যেষ্ঠ ব্যবসা, অর্থায়ন ও সাপ্লাই চেইন বিশেষজ্ঞ। বর্তমানে তিনি বাংলালিংকের স্ট্র্যাটেজিক প্রজেক্টস কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নিও পিএসপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। টেলিযোগাযোগ, দ্রুত ভোগ্যপণ্য (এফএমসিজি), উৎপাদনশিল্প ও আর্থিক সেবা খাতে তার ৩০ বছরের বেশি সময়ের নেতৃত্বদানের অভিজ্ঞতা রয়েছে।
মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী
মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী একজন চার্টার্ড হিসাববিদ। বর্তমানে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম কেএম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এবং ডিবিএলের অ্যাকসেসরিজ বিভাগের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অবৈতনিক অর্থ সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। দেশি-বিদেশি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানে তাঁর প্রায় ২৫ বছরের কর্ম-অভিজ্ঞতা রয়েছে।
নতুন ব্যবস্থাপনা পরিচালক
শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করতে সম্প্রতি নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবেদুর রহমান সিকদারকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সুপারিশের পর বাংলাদেশ ব্যাংক তার নিয়োগ অনুমোদন করেছে। তিনি চলতি সপ্তাহে দায়িত্ব নেবেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের বোর্ডে অন্তর্ভুক্তি ও নতুন এমডির পদায়ণ ব্যাংকটির পরিচালনায় নতুন মাত্রা যোগ করবে। শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী করতে এই নিয়োগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।


