সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উত্থান অব্যাহত, লেনদেন ও দরপতনে ভাটা

সময়: বুধবার, জুলাই ১৫, ২০২৬ ৩:১৬:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর পতন হয়েছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, স্বাভাবিক স্থিতিশীল বাজার পরিস্থিতি বজায় রয়েছে। আজ কার্যদিবসের শুরুতে সূচকে উল্লেখযোগ্য উত্থান পরিলক্ষিত হয় এবং ধারণা করা হচ্ছিল যে, ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে পারে বাজার। তবে বেলা সোয়া ১১টার পর লেনদেনের গতি মন্থর হয়ে আসে। এ সময় মুনাফা তোলার প্রবণতা বেড়ে গেলে বিক্রি চাপ সৃষ্টি হয়, যা সূচককে ধীরে ধীরে নিম্নমুখী করে। ফলে দিনশেষে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমে যায়।

চলতি সপ্তাহের প্রথম চার কার্যদিবসেই সূচকের ধারাবাহিক উত্থান বাজারের জন্য ইতিবাচক সংকেত বহন করছে। আগামী দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকলে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র—এমন মত দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একই দিনে শেয়ার কেনাবেচার নির্দেশনা জারি করেছে, যা বাজারের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৯২৬.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫.৮০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪২.৯০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩১টির দর বেড়েছে, ২১৮টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিমাণের দিকে নজর দিলে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ৫১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কার্যদিবসে এ পরিমাণ ছিল ১ হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৩৫ কোটি ৩৮ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এ পরিমাণ ছিল ৭৮ কোটি ১৫ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯১.৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৬৯.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কার্যদিবসে সূচকটি ৬৭.৪৮ পয়েন্ট বেড়েছিল।

Share
নিউজটি ৪ বার পড়া হয়েছে ।
Tagged