সূচক কমলেও বেড়েছে লেনদেন

ব্যর্থতা ঢাকতে সূচক বৃদ্ধির নাটক, বিনিয়োগকারীদের ক্ষোভ

সময়: সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ ৩:১৯:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে অস্বাভাবিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার ঘাটতি ক্রমশ বাড়ছে। নতুন সরকার গঠনের পর বাজারকে নিয়ে যে আশাবাদ তৈরি হয়েছিল, তা এখন প্রায় মিলিয়ে যেতে বসেছে। সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছানোর পর টানা দরপতনে গতকাল বাজার কিছুটা ধসে পড়ে। আজ (০৭ সেপ্টেম্বর) সেই ধারাবাহিকতায় লেনদেন শুরু হলেও মধ্যাহ্নের পর সূচক ঊর্ধ্বমুখী হয় এবং দিন শেষে সামান্য বেড়েছে। তবে অপর দুই সূচক কমেছে। লেনদেনের পরিমাণ কিছুটা বাড়লেও অধিকাংশ প্রতিষ্ঠানের দর বেড়েছে। কিন্তু বাজার সংশ্লিষ্টরা এই সূচক উত্থানকে স্বাভাবিক বা সন্তোষজনক মনে করছেন না।

তাদের মতে, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট যে, কমিশনের ব্যর্থতায় বাজার এ দুরবস্থার মুখোমুখি। তারা শেয়ারবাজার নিয়ন্ত্রণের জন্য যথাযথ যোগ্যতার অভাব রয়েছে। কমিশনের উচিত বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি সংস্কার ও উন্নয়নে উদ্যোগ নেওয়া। কিন্তু তারা সে পথে না হেঁটে কেবল সংস্কার ও পদক্ষেপের নামে ব্যস্ত রয়েছে, যা বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য নয়। গত ১০ কার্যদিবসে বাজার থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার মূলধন উবে গেছে এবং সূচক কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট। আজ মধ্যাহ্নের আগে অস্বাভাবিক পতনে কিছুটা অস্বস্তিতে পড়ে কমিশন নিজেদের ব্যর্থতা গোপন করতে কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা চালিয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। কমিশনের উচিত বাজার নিয়ন্ত্রণে অক্ষম হলে পদত্যাগ করা। অন্যথায় বিনিয়োগকারীরা শুধু বাজার স্থিতিশীলতার জন্য নয়, কমিশনের পদত্যাগের দাবিতেও আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৭.৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪.৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৩.৯২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭০টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫৭১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৫৪৫ কোটি ২৭ লাখ টাকা ছিল। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২৬ কোটি ৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন হয়েছিল ১৭ কোটি ৩০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.০৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯১৯.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ১৭১ পয়েন্ট কমেছিল।

Share
নিউজটি ০ বার পড়া হয়েছে ।
Tagged