দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

আস্থা ফেরানো ও সুশাসনে জোর, মিউচুয়াল ফান্ড খাত নিয়ে বড় পরিকল্পনা

সময়: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬ ৫:০৯:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে অবহেলিত ও তুলনামূলকভাবে পিছিয়ে থাকা খাতগুলোর অন্যতম মিউচুয়াল ফান্ড। প্রতিবেশী দেশ ভারত এই খাতকে সঞ্চয় ও বিনিয়োগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে সক্ষম হলেও বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০.২০ থেকে ০.৩০ শতাংশের সমপরিমাণ অবস্থানে রয়েছে এ খাত। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আগামী তিন বছরের মধ্যে মিউচুয়াল ফান্ডের আকার জিডিপির ৩ শতাংশে এবং পাঁচ বছরের মধ্যে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে।

মিউচুয়াল ফান্ড খাতের কাঙ্ক্ষিত সম্প্রসারণের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা হচ্ছে বিনিয়োগকারীদের আস্থার ঘাটতিকে। অতীতে কয়েকটি সম্পদ ব্যবস্থাপক ও ফান্ডের অনিয়মের কারণে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এ খাত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগ্রহও কমে যায়।

এ অবস্থা থেকে উত্তরণে প্রথমেই প্রয়োজন কঠোর সুশাসন প্রতিষ্ঠা। এ জন্য বিএসইসির নতুন নেতৃত্ব এবং পুঁজিবাজারের উন্নয়ন সহায়ক নীতিমালার মাধ্যমে সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টডিয়ানের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা।

ভারতের ‘মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়’ প্রচারাভিযান এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপির সাফল্যকে অনুসরণ করে বাংলাদেশেও স্বল্প অঙ্কের নিয়মিত বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ব্যবস্থায় এককালীন বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিবর্তে সাধারণ মানুষ প্রতি মাসে অল্প অল্প করে মিউচুয়াল ফান্ডে অর্থ জমা দিতে পারবেন।

আধুনিক ডিজিটাল আর্থিক অবকাঠামো, ই-কেওয়াইসি এবং মোবাইল আর্থিক সেবা বা এমএফএস ব্যবহার করে মাসে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা কিস্তিতেও বিনিয়োগের সুযোগ চালুর কথা বলা হয়েছে। বিপুলসংখ্যক মানুষকে এ প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হলে দেশের পাশাপাশি শেয়ারবাজারের জন্যও বড় অঙ্কের দীর্ঘমেয়াদি বিনিয়োগ তহবিল তৈরি হতে পারে।

মিউচুয়াল ফান্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরেও বিনিয়োগের সুযোগ সহজ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক এজেন্ট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফান্ড বিতরণের নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। এতে ব্যাংক হিসাব খোলা কিংবা মোবাইল আর্থিক সেবা ব্যবহারের মতো সহজ প্রক্রিয়ায় সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

একই সঙ্গে নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড চালুর ক্ষেত্রে ন্যূনতম প্রাথমিক তহবিলের আকার ১০ কোটি টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নীতিমালা আধুনিকায়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এসব পরিবর্তন কার্যকর হলে নতুন ফান্ড গঠন এবং দক্ষ সম্পদ ব্যবস্থাপকদের এ খাতে প্রবেশের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

সামগ্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, ক্ষুদ্র বিনিয়োগের সুযোগ তৈরি, ডিজিটাল মাধ্যমে ফান্ড বিতরণ এবং নীতিমালা আধুনিকায়নের সমন্বয়ে মিউচুয়াল ফান্ড খাতকে বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা সামনে এসেছে। এর মাধ্যমে আগামী তিন বছরে জিডিপির ৩ শতাংশ এবং পাঁচ বছরে ৫ শতাংশে এ খাতকে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নের পথ তৈরি হতে পারে।

Share
নিউজটি ১২ বার পড়া হয়েছে ।
Tagged