নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও তার পরিবারের সদস্যসহ সাত ব্যক্তির নামে থাকা মোট ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের জব্দাদেশ শর্তসাপেক্ষে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ হলে হিসাবগুলো পুনরায় সচল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ২১ আগস্ট এসব বিও হিসাব জব্দ করেছিল নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির একটি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশের সঙ্গে দেওয়া তালিকা পর্যালোচনায় দেখা যায়, জব্দাদেশ প্রত্যাহারের আওতায় আসা ৯৩টি বিও হিসাবের মধ্যে সবচেয়ে বেশি ৩২টি আবুল খায়ের হিরুর নামে রয়েছে। অন্যদের মধ্যে কাজী সাদিয়া হাসানের ২৩টি, সাজেদুর রহমানের ১১টি এবং কনিকা আফরোজের ১০টি হিসাব রয়েছে। এ ছাড়া আবুল কালাম মাতবরের ৮টি, ফেরদৌসী বেগমের ৫টি এবং সাজেদ মাদবরের ৪টি বিও হিসাবের ওপর থেকে জব্দাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কমিশনের জব্দাদেশ প্রত্যাহার হলেও এসব হিসাবের অর্থ ও শেয়ার যাতে অননুমোদিতভাবে উত্তোলন কিংবা স্থানান্তর করা না যায়, সে জন্য একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএসইসির আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট হিসাবগুলোর বিষয়ে আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অথবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের জব্দ কিংবা নিষেধাজ্ঞার আদেশ কার্যকর না থাকলেই কেবল বিএসইসির এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে।
এ জন্য আদেশ কার্যকরের আগে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) সংশ্লিষ্ট বিও হিসাবগুলোর হালনাগাদ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।
শর্ত পূরণ করে হিসাবগুলো সচল হলে সেগুলো ব্যবহার করে কেবল সেকেন্ডারি মার্কেটে সাধারণ শেয়ার কেনাবেচা করা যাবে। তবে শেয়ার এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর, মালিকানা হস্তান্তর বা ট্রান্সমিশন এবং ব্লক মার্কেটে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। একই সঙ্গে ‘মার্জিন বিধিমালা ২০২৫’ অনুসরণ করে হিসাবধারীরা তাদের মার্জিন ঋণ সমন্বয় করতে পারবেন।
বিএসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব ৯৩টি বিও হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন কিংবা অন্য কোথাও স্থানান্তর করা যাবে না। এ ছাড়া যেসব শেয়ার বর্তমানে প্লেজ বা বন্ধক, লিয়েন কিংবা লক-ইন অবস্থায় রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সাধারণ লেনদেনের এই সুযোগ কার্যকর হবে না।
নির্ধারিত শর্ত ও বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সিডিবিএলকে। এসব প্রতিষ্ঠানকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে কমিশনের কাছে মাসিক কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিএসইসি।


