ডিভিডেন্ড বিতরণে গড়িমসি, ১০ কোম্পানির পর্ষদ সদস্যদের গুনতে হবে কোটি কোটি টাকা

সময়: শনিবার, নভেম্বর ১৪, ২০২৬ ৫:০২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ঘোষিত ডিভিডেন্ড পরিশোধ না করা এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অমান্য করার অভিযোগে তালিকাভুক্ত ১০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর সম্মিলিতভাবে ২৯ কোটি টাকারও বেশি জরিমানা আরোপ করেছে কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে লুব-রেফের সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিএসইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।

কমিশনের আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আরোপিত জরিমানার অর্থ পরিশোধ না করলে দায়ী প্রত্যেক ব্যক্তিকে বিলম্বের প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে শুধু ডিভিডেন্ড বিতরণে বিলম্বের অভিযোগই নেই; বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়টিও উঠে এসেছে। এ বিষয়ে বিএসইসি থেকে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও কয়েকটি প্রতিষ্ঠান কমিশনের চিঠির কোনো জবাব দেয়নি।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম গণমাধ্যমকে জানিয়েছেন, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড যথাসময়ে পরিশোধ না করার কারণেই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তিগত দায় নির্ধারণের ভিত্তিতে ১০টি কোম্পানির অন্তত ৫০ জন পর্ষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা এ শাস্তির আওতায় এসেছেন বলে জানা গেছে।

কমিশনের নথি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ কোম্পানি মুনাফা অর্জন করলেও সিকিউরিটিজ আইন অনুসরণ করে শেয়ারহোল্ডারদের ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করেনি। বিএসইসির বিদ্যমান বিধান অনুসারে, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে ঘোষিত অর্থের সমপরিমাণ টাকা পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়। এরপর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিভিডেন্ড অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের কাছে তা পৌঁছে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নির্ধারিত এ প্রক্রিয়া অনুসরণ না করা আইন লঙ্ঘন এবং বাজার কারসাজির শামিল হিসেবে বিবেচিত হয়। এমন অনিয়মের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।

জরিমানার পরিমাণ বিবেচনায় সবচেয়ে বড় শাস্তির মুখে পড়েছে লুব-রেফ। কোম্পানিটির চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদের প্রত্যেকের ওপর ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা আরোপ করা হয়েছে।

এরপর রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীর প্রত্যেককে প্রায় ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে, বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান এবং পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণের প্রত্যেককে ৯৭ লাখ টাকা করে অর্থদণ্ড দিতে হবে।

বিএসইসির আদেশে ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীর প্রত্যেকের জন্য ৪৭ লাখ টাকা করে জরিমানা নির্ধারণ করা হয়েছে।

কৃষিবিদ সিডের ক্ষেত্রে চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্য পাঁচটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর সর্বোচ্চ ২০ লাখ টাকা থেকে সর্বনিম্ন ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাফকো স্পিনিং মিলস। কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন এবং পরিচালক সৈয়দ সাকেব আহমেদ রয়েছেন জরিমানার তালিকায়।

এ ছাড়া মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়ার নামও রয়েছে দণ্ডিতদের তালিকায়।

অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদও এ শাস্তির মুখে পড়েছেন।

এ ছাড়া জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদকে জরিমানার আওতায় আনা হয়েছে।

বিএসইসির এ পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধ এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়টি আরও স্পষ্ট হলো।

Share
নিউজটি ১২ বার পড়া হয়েছে ।
Tagged