কার্যকর ও জবাবদিহিতামূলক পুঁজিবাজার গঠনে বিএসইসি-ডিএসইর উচ্চপর্যায়ের বৈঠক

সময়: রবিবার, জুন ২১, ২০২৬ ৭:২৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং বাজার কারসাজি রোধে করণীয় নির্ধারণে আজ রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে ডিএসই সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বিএসইসির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে বিএসইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, সিপিএ, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মোঃ নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, নির্বাহী পরিচালক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন—ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

বৈঠকে পুঁজিবাজারের আধুনিকায়ন ও উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে সকল ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি বন্ধে ডিএসই কর্তৃক গৃহীত বিভিন্ন ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরা হয়। অন্যদিকে, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার গঠনে বিএসইসি বদ্ধপরিকর বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

বিশেষভাবে, সকল ধরনের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স জোরদার এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share
নিউজটি ২ বার পড়া হয়েছে ।
Tagged