অনলাইন সংবাদে প্রশাসক নিয়োগের গুজব, অবস্থান স্পষ্ট করল তিন আর্থিক প্রতিষ্ঠান

সময়: রবিবার, জুন ২১, ২০২৬ ৫:৪৬:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানপত্রের প্রেক্ষিতে পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিষয়ে প্রকাশিত এক অনলাইন সংবাদের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো—পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল), প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (প্রাইমফিন) এবং ফার্স্ট এশিয়া ফাইন্যান্স লিমিটেড (এফএএসফিন)।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ২০২৬ তারিখে পাঠানো অনুসন্ধানপত্রের জবাবে পিএলএফএসএল জানিয়েছে, গত ১০ জুন একটি অনলাইন সংবাদমাধ্যমে “পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত” শীর্ষক যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা নিয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে কোনো আনুষ্ঠানিক নথি, সার্কুলার, নির্দেশনা কিংবা এ-সংক্রান্ত কোনো সরকারি চিঠি বা যোগাযোগ পৌঁছায়নি।

একই ইস্যুতে ডিএসইর অনুসন্ধানের জবাবে প্রাইমফিন জানিয়েছে, আলোচিত অনলাইন প্রতিবেদনে উল্লেখিত বিষয়টির সঙ্গে তাদের কোম্পানির কোনো ধরনের সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই। ফলে ওই সংবাদে উল্লেখিত ঘটনা থেকে কোম্পানির ওপর কোনো আর্থিক প্রভাব পড়বে বলে তারা মনে করছে না। পাশাপাশি প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম, আর্থিক অবস্থা কিংবা টেকসই ব্যবসা পরিচালনার সক্ষমতার ওপরও এ ঘটনার কোনো নেতিবাচক প্রভাব নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ফার্স্ট এশিয়া ফাইন্যান্স (এফএএসফিন) ডিএসইর অনুসন্ধানের জবাবে জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি, নির্দেশনা বা যোগাযোগ তাদের কাছে পৌঁছেনি। সংবাদটি তাদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত ও ভিত্তিহীন বলে মনে করছে তারা।

সুতরাং, তিনটি আর্থিক প্রতিষ্ঠানই স্পষ্টভাবে জানিয়েছে যে, আলোচিত সংবাদে উত্থাপিত প্রশাসক নিয়োগের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা কর্তৃপক্ষের কোনো বার্তা আসেনি। প্রতিষ্ঠানগুলো নিজেদের অবস্থান ডিএসইকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বলেও জানা গেছে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged