নিজস্ব প্রতিবেদক: বড় মূলধনের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে উচ্চ সুদের ব্যাংক ঋণের বিকল্প হিসেবে পুঁজিবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অলিগার্কি বা কয়েকজনের নিয়ন্ত্রিত অর্থনীতি ও পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বেরিয়ে সাধারণ মানুষের জন্য কল্যাণমুখী রাষ্ট্র ও মানবিক অর্থনীতি প্রতিষ্ঠায় সরকার সর্বাত্মক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। দেশের অর্থনীতির গণতান্ত্রিকীকরণ বর্তমান সরকারের মূল দর্শন উল্লেখ করে তিনি বলেন, এটি কেবু স্লোগান নয়।
যুগের পর যুগ বাজেটের বাইরে থাকা গ্রামীণ কামার-কুমোর, তাঁতিসহ প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে বিশেষ জোর দেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ক্রিয়েটিভ ইকোনমি যেমন থিয়েটার, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা ও আর্টিফিশিয়াল জুয়েলারি প্রসারে ও সেগুলোকে অর্থায়নের জন্য আগামী বাজেটে বিশেষ প্রকল্প ও ফান্ড বরাদ্দ রাখা হচ্ছে।
ঢাকার পাশাপাশি অন্যান্য বড় শহরগুলোতে ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার কথাও জানান তিনি। পার্শ্ববর্তী দেশের মতো বাংলাদেশের সংস্কৃতি, চলচ্চিত্র ও সংগীতকে বৈশ্বিক বাজারে ব্র্যান্ডিং ও প্ল্যাটফর্ম দিয়ে দেশের সফট পাওয়ার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
ব্যবসা পরিচালনার খরচ ও বন্দর থেকে পণ্য পরিবহনের সব স্তরের অতিরিক্ত চার্জ ও আমলাতান্ত্রিক হয়রানি কমাতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যবসা বা প্রকল্প বাস্তবায়নে আগে যেখানে অসংখ্য অনুমোদনের প্রয়োজন হতো, তা কমিয়ে মাত্র ১৩টিতে নামিয়ে আনা হচ্ছে।
আগামী এক বছরের মধ্যে দেশের পুরো অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা ডিজিটাল অটোমেশনের আওতায় আনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’-এর মাধ্যমে সব নাগরিক সেবা নিশ্চিতের উদ্যোগ চলছে। প্রকল্প গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন মনিটর ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন বাধ্যতামূলক করা হবে।
উচ্চ সুদের ব্যাংক ঋণের বিকল্প হিসেবে পুঁজিবাজার ও বন্ড মার্কেট শক্তিশালী করা হচ্ছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকার, ফান্ড ম্যানেজার এবং আইএফসি থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। একটি নির্দিষ্ট পরিমাণের বেশি মূলধনের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া দেশে ও বিদেশে ‘বাংলাদেশ বন্ড’ ফ্লোট করার প্রক্রিয়া চলছে, যেখানে সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকবে।
কর ফাঁকি রোধে কোকাকোলা, পেপসিসহ বহুজাতিক ও বড় তামাক কোম্পানিগুলোর প্রকৃত বাজারশেয়ার যাচাই করে ন্যায্য কর আদায় করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। সাধারণ রেস্তোরাঁ বা ক্ষুদ্র দোকানদারদের করের আওতায় আনতে ও কর কর্মকর্তাদের হয়রানি থেকে বাঁচাতে বছরে একটি সহজ ফ্ল্যাট রেট চালুর পরিকল্পনা করা হচ্ছে।
কর নীতি প্রণয়নে আমূল পরিবর্তন আনা হচ্ছে। এ লক্ষ্যে একটি বিল পাস করা হচ্ছে, যার মাধ্যমে কেবল কর আদায়কারী নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, স্থানীয় বাণিজ্য এবং মানবিক লাভজনকতা বোঝেন এমন যোগ্য ব্যক্তিদের নিয়ে নীতি নির্ধারণী সংস্থা গঠন করা হবে।
অর্থমন্ত্রী দেশবাসীকে আগামী দুই বছর ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়ানো নয়, বরং প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের জীবনে কতটুকু পরিবর্তন আনছে তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা রয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে সব ডিরেগুলেশন সম্পন্ন করতে দিনরাত কাজ করছে সরকার। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপিআরসির চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বিআইজিডির অধ্যাপক সেলিম জাহান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ, টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার, বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা ও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান প্রমুখ।


