সিটি ব্যাংকের তিন ডিএমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ

সময়: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬ ১১:৫০:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংকের বিনিয়োগ তহবিল ব্যবহার করে ব্যক্তিগতভাবে মুনাফা অর্জনের অভিযোগ উঠেছে ব্যাংকটির পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজনই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তদন্তে ব্যাংকের নিজস্ব বিনিয়োগ তহবিলের অপব্যবহার করে শেয়ার লেনদেনের মাধ্যমে ব্যক্তিগত লাভের তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ব্লক মার্কেটে বিশেষ ধরনের লেনদেন এবং ‘কাউন্টারপার্টি ট্রেডিংয়ের’ কৌশল ব্যবহার করে ব্যাংকের নিজস্ব মূলধনকে কাজে লাগানো হয়েছে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথমে কম দামে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনেছেন। পরে সেসব শেয়ার বেশি দামে সরাসরি সিটি ব্যাংকের নিজস্ব বিনিয়োগ তহবিলের কাছে বিক্রি করেছেন। এতে ব্যাংকের তহবিল আর্থিক ক্ষতির মুখে পড়লেও ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পাওয়া সিটি ব্যাংকের এ ঘটনা প্রতিষ্ঠানটির সুশাসন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে গত বছর ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ‘সিইও অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ার পর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত ব্যাংকটির তৎকালীন ক্যাপিটাল মার্কেট পোর্টফোলিও ম্যানেজার মো. সানোয়ার খানের কার্যক্রম থেকে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা নিজেদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ব্যবহার করে ব্যাংকের বিনিয়োগ তহবিলের সঙ্গে সরাসরি কাউন্টারপার্টি লেনদেনে যুক্ত হন। অগ্নি সিস্টেমসসহ বিভিন্ন কোম্পানির শেয়ার কম দামে কিনে ব্যাংকের কাছে বেশি দামে বিক্রির মাধ্যমে তাঁরা কোটি টাকার বেশি অনৈতিক মুনাফা করেছেন বলে বিএসইসির তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় পরবর্তী সময়ে সানোয়ার খানকে চাকরিচ্যুত করে সিটি ব্যাংক। তবে ব্যাংকটির অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দৃশ্যমান হয়নি।

তদন্তে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ব্যাংকটির তিন ডিএমডির নাম। তাঁদের বিরুদ্ধেও একই ধরনের লেনদেনের মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ডিএমডি এ কে এম সাইফ উল্লাহ কাওছার লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন করে প্রায় ২৩ লাখ টাকার অন্যায্য মুনাফা অর্জন করেছেন।

একই পদ্ধতিতে ব্যাংকটির অপর দুই ডিএমডি মোহাম্মদ মাহমুদ গনি ও মো. আশানুর রহমানও লাখ লাখ টাকা ব্যক্তিগত মুনাফা করেছেন বলে তদন্তে তথ্য উঠে এসেছে। অথচ সানোয়ার খানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করার পাশাপাশি সিটি ব্যাংককে মাত্র ১ লাখ টাকা জরিমানা করা হলেও অভিযুক্ত তিন ডিএমডির বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, তদন্তের ভিত্তিতেই সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। সিটি ব্যাংকের পক্ষ থেকে করা রিভিউ আবেদন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged