নিজস্ব প্রতিবেদক, ১ এপ্রিল ২০২৬: টানা তিন দিন ধারাবাহিক পতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। গত তিন কর্মদিবসে সূচক কমেছিল প্রায় ১৩৮ পয়েন্ট। আজ এক দিনেই বেড়েছে ৯৪ পয়েন্ট।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরাতে আজকের বাজার পরিস্থিতি ছিল অত্যন্ত ইতিবাচক। লেনদেন শুরুর পর থেকেই সূচকের তীর ছিল উর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তাদের ধারণা, আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বাজার আরও ইতিবাচক হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭২.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৪৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪১.৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১.৬৪ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
ডিএসইতে এদিন প্রায় ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৪ কোটি ২৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৫ কোটি ২ লাখ টাকা।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০০.৪৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৯.২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ২০৫.৫৪ পয়েন্ট কমেছিল।


