মিশ্র পারফরম্যান্সের মধ্যেও ডিভিডেন্ড ঘোষণা করবে লিন্ডে বাংলাদেশ

সময়: বুধবার, এপ্রিল ১, ২০২৬ ১১:০৪:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড (LINDEBD) চলতি সপ্তাহেই ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভার তারিখ নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, আগামী ৮ এপ্রিল বিকাল ৩টা ৪৫ মিনিটে কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হবে।

এর আগের অর্থবছরে (২০২৪) কোম্পানিটি ৪৫০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। তবে ২০২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন খুব একটা শক্তিশালী না হওয়ায় আসন্ন লভ্যাংশ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বছরের শেষ প্রান্তিক ইতিবাচক হলে ভালো লভ্যাংশের সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রান্তিকভিত্তিক আর্থিক চিত্র

২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক তথ্য বিশ্লেষণে কোম্পানির আয়, নগদ প্রবাহ ও সম্পদ মূল্যে ভিন্নধর্মী প্রবণতা লক্ষ্য করা গেছে।

প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৫):
এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) কমে ৫ টাকা ২৯ পয়সায় দাঁড়ায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৯ পয়সা। শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) নেমে আসে ১ টাকা ৮০ পয়সায়, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ২২ পয়সা। তবে ৩১ মার্চ ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) বেড়ে ২৩৪ টাকা ৬৩ পয়সায় উন্নীত হয়, যা ২০২৪ সালের শেষে ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির মতে, প্রাকৃতিক গ্যাসের ঘাটতি, রূপগঞ্জ প্ল্যান্টে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিক্রি কমে যায়, ফলে ইপিএস হ্রাস পায়। পাশাপাশি বেশি অর্থ পরিশোধের কারণে ক্যাশ ফ্লো কমেছে।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২৫):
এই প্রান্তিকে এককভাবে ইপিএস বেড়ে ৭ টাকা ৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬৫ পয়সা। তবে ছয় মাস শেষে মোট ইপিএস কমে দাঁড়ায় ১২ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ১৩ টাকা ৪ পয়সা।

একই সময়ে এনওসিএফপিএস উল্লেখযোগ্যভাবে কমে ৪ টাকা ৮ পয়সায় নেমে আসে, যা আগের বছর ছিল ১৩ টাকা ৬৯ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে এনএভিপিএস কমে দাঁড়ায় ২০১ টাকা ৬৬ পয়সা, যা বছরের শুরুতে ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির ব্যাখ্যায় বলা হয়েছে, শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিল (WPPF) পরিশোধ এবং লভ্যাংশ বিতরণের কারণে ক্যাশ ফ্লো ও এনএভিপিএস কমেছে।

তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫):
এই প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ৬ টাকা ৪৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে অস্বাভাবিকভাবে বেশি ৪০০ টাকা ১ পয়সা ছিল। ৯ মাস শেষে মোট ইপিএস কমে ১৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের ৪১৩ টাকা ৫ পয়সা থেকে অনেক কম।

কোম্পানি জানিয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে হার্ডগুডস ব্যবসা বিক্রি থেকে এককালীন আয় হওয়ায় তখন ইপিএস অস্বাভাবিকভাবে বেশি ছিল।

এদিকে, ৯ মাস শেষে এনওসিএফপিএস কমে ৮ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ১২ টাকা ৯৭ পয়সা। একই সময়ে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৮ টাকা ১৪ পয়সা, যা বছরের শুরুতে ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির মতে, দায় পরিশোধ এবং লভ্যাংশ বিতরণের কারণে ক্যাশ ফ্লো ও সম্পদমূল্য কিছুটা কমেছে, তবে মুনাফা অর্জনের ফলে এর প্রভাব আংশিকভাবে সামাল দেওয়া গেছে।

Share
নিউজটি ৫ বার পড়া হয়েছে ।
Tagged